কেকেবিএইউতে শিক্ষা ও গবেষণার মান বজায় রাখা শীর্ষক সেমিনার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল বুধবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান বজায় রাখা’ (Maintaining Teaching and Research Standards at University) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধের চর্চা কেন্দ্র। শিক্ষকরা জ্ঞান বিতরণ ও নতুন জ্ঞান সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে থাকেন যা তাদের চিন্তাশক্তি, যুক্তি ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। এর ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ সৃষ্টি, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং দেশ ও বিশ্বমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার মানসিকতা গড়ে ওঠে। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি এই সেমিনার আয়োজন ও শিক্ষকদের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বের গুরুত্বপূর্ণ দিক হিসেবে তিনি পাঠদান, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, সব বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা অংশ নেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি