রাজধানীর পাড়া-মহল্লায় বাহারি ইফতারের পসরা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিনেই রাজধানীর অলিগলিতে জমে উঠেছে বাহারি ইফতারের বাজার। মুড়ি, পেঁয়াজু, বেগুনি থেকে শুরু করে হালিম, কাবাব আর নানরুটির সুগন্ধে মুখরিত পাড়া-মহল্লা। সাধ্যের মধ্যে পছন্দের ইফতার কিনতে আসরের পর থেকেই দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।

রাজধানীর বনশ্রী এলাকার অ্যাভিনিউ রোডগুলোতে সরেজমিন দেখা যায়, সড়কের দুই পাশে সারি সারি দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর পাশাপাশি সেখানে পাওয়া যাচ্ছে জিলাপি, ফিরনি এবং বিভিন্ন পদের ফল।

ইফতার কিনতে আসা স্থানীয় বাসিন্দা সামিন ইসলাম জানান, প্রতি বছর এখানে ইফতারের বড় বাজার বসে। বাড়ির কাছেই গ্রিল, কাবাব থেকে শুরু করে হালিম- সবই পাওয়া যায়। আমাদের ইফতারের জন্য কষ্ট করে দূরে কোথাও যেতে হয় না, এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা। ফজলুর রহমান নামে আরেকজন ক্রেতাও হাতের কাছে সব ধরনের পদ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ব্যবসায়ী আব্দুল হক জানান, আমরা দীর্ঘ বছর ধরে এখানে ইফতার বিক্রি করছি। ক্রেতাদের কথা মাথায় রেখে দাম যতটা সম্ভব নাগালের মধ্যে রাখার চেষ্টা করি। রমজানের প্রথম দিন হিসেবে আজ বিক্রি খারাপ হচ্ছে না। শুধু বনশ্রী নয়, খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর ও মগবাজারসহ রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় একইভাবে বসেছে ইফতারের পসরা। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত- সব শ্রেণি-পেশার মানুষকেই নিজের সাধ্য ও পছন্দ অনুযায়ী ইফতার সংগ্রহ করতে দেখা যায়। বিশেষ করে হালিম ও জিলাপির দোকানে ক্রেতাদের দীর্ঘলাইন ছিল চোখে পড়ার মতো।