যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে লেগুনা চালককে হত্যার অভিযোগ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে নুর-এ আলম ওরফে খায়রুল ইসলাম নামে এক লেগুনা চালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত নুরে আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে নুর-এ আলমকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে এবং হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন। তিনি আরও জানান, সম্প্রতি নুর-এ আলমের সঙ্গে অন্য এক লেগুনা চালকের ঝগড়া হয়েছিল বলে জানা গেছে। সেই শত্রুতার জেরে তাকে মারধর করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
