মোহাম্মদপুরে আমির হোসেন হত্যা
দম্পতিসহ পাঁচজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে মো. আমির হোসেনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় কবির হোসেনসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, কবির হোসেনের স্ত্রী স্বপ্না, তার ভাই মো. হুমায়ুন, মো. ফালান ও মো. মিলন ওরফে নূরু। গতকাল ঢাকার ৮ম অতিরিক্ত আদালতের বিচারক মো. খোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।
আদালতের পেশকার মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত আমির হোসেন রাজধানীর পলাশীর মোড়ে চা-সিগারেটের দোকান চালাতেন। হত্যার সাত থেকে আট মাস আগে স্বপ্না বেগম নামে এক নারীর সঙ্গে শহীদ মিনার এলাকায় তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই নারীকে মারধর করেন। ২০২২ সালের ২১ জানুয়ারি রাত ১০টায় দোকান বন্ধ করার পর স্বপ্নার স্বামী কবিরসহ চারজন কৌশলে আমিরকে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন স্বপ্না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আমিরের ওপর আক্রমণ করে আসামিরা। কবির চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
