মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়
সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা, মালদিভিয়ান গতকাল সোমবার ঢাকায় তাদের সিটি অফিস উদ্বোধন করেছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের তাজ ম্যারিয়ট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সিটি অফিসের উদ্বোধন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম ইয়াস। এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সেবা দেওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। পাশপাশি এটি দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে। তিনি বলেন, ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ- যাতে বাংলাদেশি কর্মী ও মালদ্বীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণ সুবিধা পান। আমরা বিশ্বাস করি, এই সেবা দু’দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে।
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রাথমিক অবস্থায় সপ্তাহে দু’দিন (রবিবার ও বৃহস্পতিবার) এই ফ্লাইট চলবে। রিটার্ন ভাড়া শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭,৮৮০ টাকা) থেকে। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন। মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের চাহিদার প্রেক্ষিতে এই রুট আবারও চালু করা হয়েছে।
রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী চলাচল বৃদ্ধিকে সামনে রেখেই এই সেবা চালু করা হচ্ছে। যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকেট বুকিং মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১)-এর মাধ্যমে চালু রয়েছে। রুট পুনরায় চালু উপলক্ষ্যে ‘উযধশধ, ডব ঐবধৎফ ণড়ঁ’ শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটির আয়োজন করা হবে। ঢাকা মালদ্বীপের নাগরিকদের জন্য ব্যবসা, স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে জনপ্রিয় গন্তব্য।
