বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ সম্পন্ন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

Bangladesh Australia Disaster Relief Committee (BADRC)-এর আর্থিক সহায়তায় এবং ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত ‘Flood Recovery and Resilience Building through Livelihood Support in Chhagalnaiya Upazila, Feni District’ প্রকল্পের আওতায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সিসি অ্যান্ড ডিআরআর সেক্টরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া ৬নং পাঠাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তারেক মনোয়ার, ডিএফইডি ফেনীর এরিয়া ম্যানেজার মো. রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে সর্বমোট ৮,৫০,০০০ (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ক্ষুদ্র ব্যবসার জন্য ১০টি পরিবার ও হস্তশিল্পে ১০টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা এবং বসতবাড়িতে সবজি চাষের জন্য ১৫টি পরিবার ও ছাগল পালনের জন্য ১৫টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপকারভোগীদের প্রাপ্ত সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্পটির মাধ্যমে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার সমন্বয়ে একটি টেকসই জীবিকা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রকল্প ব্যবস্থাপক মো. মহসিন জানান প্রশিক্ষণপ্রাপ্ত পরিবারগুলোর জীবিকা পুনরুদ্ধার ও টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করাই এ সহায়তার মূল লক্ষ্য। অংশীজনগণ এ সহায়তার জন্য ইঅউজঈ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
