মশক, বর্জ্য ও জলাবদ্ধতা মোকাবিলায় অভিযান শুরু ডিএনসিসির

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মশক নিয়ন্ত্রণ জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা আরও গতিশীল করা এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে বিশেষ গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। গতকাল বুধবার নগরভবনে প্রশাসকের সম্মেলনকক্ষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ সংক্রান্ত দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, কর্পোরেশনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর স্বস্তির জন্য মশক নিধন, বর্জ্য অপসারণ এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী (গ্রিন অ্যান্ড ক্লিন সিটি) হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রশাসক নির্দেশ দেন, প্রতিদিন তিনবার পরিচালিত মশক নিধন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা সরেজমিনে তদারকি করতে হবে। কোথাও যত্রতত্র বর্জ্য ফেলে রাখা হচ্ছে কি না এবং ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপরও জোর দেন তিনি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু দাপ্তরিক কাজে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাঠপর্যায়ে উপস্থিত থাকতে হবে। নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডিএনসিসির কর্মীরা দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, তাও নিশ্চিত করতে হবে । নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার রাখার নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, খালগুলো সচল ও পরিষ্কার থাকলে মশার প্রজনন কমবে।