সাপোর্ট ফোরামের উদ্যোগে রাস্তায় থাকা রোজাদারের হাতে পৌঁছাল ইফতার
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এই রমজানে রাজধানীর আসাদগেট মোড়। আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। গাড়ীগুলো জ্যামে স্থির হয়ে আছে। বাসের মধ্যে বসে আছে রোজাদার ব্যক্তিরা। অপেক্ষায় আছে কখন গাড়ী ছাড়বে এবং বাসায় গিয়ে পরিজনদের সঙ্গে বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে ইফতার করবে। কিন্তু জ্যাম আর ছাড়ছে না। এদিকে ইফতারের সময়ও প্রায় হয়ে গেছে। এমন সময় একটি ইফতারের প্যাকেট বাসের জানালা থেকে এগিয়ে দিল একটি ছেলে। বলল, আপনার জন্যে ইফতার। অতৃপ্তির মধ্যেও কিছুটা হলেও তৃপ্তি। ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি এপ্রোন পরে ছেলেটি অন্যান্য বাসের যাত্রীদেরকে সমানভাবে ইফতারির প্যাকেট দিল। প্যাকেটগুলোতে ইফতার দিয়েছিল সেগুলোর গায়ে লেখা ছিল আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার বিতরণ কর্মসূচি। মিশনের বহুমুখী মানবসেবামূলক কর্মসূচির মধ্যে রমজান মাসে অসহায় ও কোনো না কোনো কারণে পথিমধ্যে আটকা পড়া রোজাদারদের ইফতার বিতরণ কর্মসূচি অন্যতম। এবারে ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সহযোগিতায় চলছে ইফতার বিতরণ কার্যক্রম। প্রতিদিন রাজধানীর কয়েকটি জায়গায় এই কার্যক্রম চলমান। ইফতার বিতরণের উপস্থিত থাকছেন আ্হ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ট্রেজারার মোহাম্মদ ইমরান, কোঅর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরীন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের দুইজন সহকর্মী হাবিব এবং শাওন। রোজাদারদের প্রতি লক্ষ্য রেখে ইফতারের প্যাকেট তৈরি করেছে। প্রতি প্যাকেটের মধ্যে দেওয়া আছে ১টা পানির বোতল, প্যাক করা ৪টা খেজুর, ১টা অত্যন্ত নরম এবং স্বাদযুক্ত উন্নতমানের ব্রেড এবং ১টা বিস্কিটের প্যাকেট।
আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ইফতার বিতরণের কার্যক্রমকে সব রোজাদাররা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং এর উত্তোরোত্তর এই ফোরামের সমৃদ্ধি ও সফলতার জন্য দোয়া করেছেন। ২৪ ডিসেম্বর ২০২৫ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের ৩০তম নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে সাপোর্ট ফোরামের উদ্যোগে ঢাকা মহানগরীর পাঁচটি স্থানে পবিত্র মাহে রমজান মাসের ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিদিন ১০০ প্যাকেট ইফতার, রাজধানীর বিভিন্ন পয়েন্টে পথচারী ও বাসের মধ্যে থাকা মানুষের জন্য এই কর্মসূচি হাতে নেয় ফোরাম কর্তৃপক্ষ।
উল্লেখ্য আহ্ছানিয়া মিশন ফোরামের সদস্যগণ তাদের নিজস্ব পেশাগত বা ব্যবসায়িক আয় থেকে প্রতিমাসে সাপোর্ট ফোরামে আর্থিক অনুদান প্রদান করেন যার মাধ্যমে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক কর্মসূচীসহ নানা উন্নয়নমূলক কাজে সহায়তা প্রদান করা হয়। যেকোনো ব্যক্তি প্রতিমাসে নূন্যতম বা এককালীন অর্থ জমা করে এই ফোরামের সদস্য হতে পারে। সাপোর্ট ফোরামের ইফতার কর্মসূচি ছাড়াও বর্তমানে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- শীর্তাত, দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, অসহায় দুস্থ মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে জীবনমান উন্নয়নে ছাগল ও হাস-মুরগী পালন, মিশনের অধিকার ও সুশাসন সেক্টরের কানন প্রকল্পের অসহায় শিশুদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান। মিশনের এডুকেশন সেক্টর কর্তৃক বাস্তবায়নাধীন ‘অধিকার’ প্রকল্পের ১৪০জন পথশিশুর খাবারের জন্য অর্থ প্রদান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
