সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাপ-আপ শিক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন শিক্ষা সেক্টর পরিচালিত কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে। গতকাল বুধবার অনুষ্ঠিত এ সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কেএম জাহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরেপড়া শিশুদের শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করা দরকার। এক্ষেত্রে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। একইসঙ্গে এই প্রকল্পের শিক্ষা কার্যক্রমের গুণগত মানউন্নয়নে মনিটরিং করা হবে। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক বলেন, পৌর এলাকাতে ঢাকা আহ্ছানিয়া মিশন যে শিক্ষা প্রকল্প নিয়ে কাজ করছে তা বাস্তবায়নে সহযোগিতা করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল আলম বলেন, আমরা সব শিক্ষার্থীর জন্য বই প্রদান করেছি। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়তা প্রদান করা হবে। সভাপতির বক্তব্যে কেএম জাহিদুজ্জামান বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুরে কাপ-আপ (ফেইজ-২) নামক একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসেছে যা আগামী ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। এ প্রকল্পটি দাতা সংস্থা, ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্থানীয় অনুদানে পরিচালিত হবে। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কমিউনিটির সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বক্তব্যে কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের প্রকল্প পরিচালক ও ডাম শিক্ষা সেক্টরের যুগ্ন-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, প্রকল্পে মোট ৩০,১০৫ জন শিক্ষার্থীর মধ্যে সৈয়দপুর পৌর এলাকায় ১০,০৩৫ জন সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিশুরা প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সেবা পাবে। তিনি এই শিক্ষা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
প্রকল্পের কো-অর্ডিনেটর (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) শেখ শফিকুর রহমান প্রকল্প কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও কমিউনিটির জনপ্রতিনিধিগণ। উল্লেখ্য, কাপ-আপ (ফেইজ-২) প্রকল্প জানুয়ারি ২০২৬ সালে শুরু হয়ে ডিসেম্বর ২০৩০ সালে সমাপ্ত হবে। এই সময়ে ১৯৫টি শিখন কেন্দ্রের মাধ্যমে উপানুষ্ঠানিক পদ্ধতিতে রাজধানীর মিরপুর, মোহাম্মাদপুর ও নীলফামারীর সৈয়দপুরের বস্তি-এলাকায় প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করা হবে। প্রকল্পটির নাম এডুকেশন সার্ভিসেস ফর আপ লিফ্টমেন্ট অব আল্ট্রা পুওর স্লাম ডুয়েলার্স প্রজেক্ট (কাপ-আপ ফেইজ-২)। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
