যুবলীগ নেতা তাজুলের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের মামলা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল (তাইজুল) ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিসহ অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর আওতায় ডিএমপির পল্লবী থানায় গত বৃহস্পতিবার মামলাটি করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ঢাকা মহানগরীর পল্লবী এলাকায় পরিবহন খাত, ফুটপাতের অস্থায়ী বাজার, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। সংস্থাটির অনুসন্ধান অনুযায়ী, তাজুল নিজেকে ‘স্মার্ট ফ্যাশন’ নামে একটি পোশাক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত ‘মেসার্স চৌধুরী এন্ড খান অটোব্রিকস’ নামের একটি ইটভাটার স্বত্ত্বাধিকারী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি মোট ৩ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৩৫৫ টাকা আয় করেছেন বলে দাবী করেন। আয়ের উৎস হিসেবে তিনি পোশাক ব্যবসা, মাছ ব্যবসা ও ইটভাটা পরিচালনার কথা উল্লেখ করেন। এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়েই তিনি বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলেও দাবী করা হয়।
