আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপির সেমিনার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে গতকাল রোববার ডিএমপি হেডকোয়াটার্সের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানো হচ্ছে। যাতে তারা নিজ কর্মক্ষেত্রে আরও অবদান রাখতে পারেন এবং নারী ক্ষমতায়নের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।
সেমিনারে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘মহান সৃষ্টিকর্তা পুরুষ ও নারীকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। নারী যদি সন্তান জন্ম না দিতেন, তাহলে মানবজাতির অস্তিত্বই থাকত না।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি; যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন করা হচ্ছে। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা।
