ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ১৮৬ মামলা

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ১৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। ডিএমপি’র ট্রাফিক বিভাগ গত রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭২টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৮২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩৮টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১১২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯৪টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৭টি মামলা হয়েছে।