সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত রোববার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এক সংক্ষিপ্ত সফরে সাভার এবং কুমিল্লা সেনানিবাসে গমন করেন। সফরকালে, সেনাপ্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিবর্গের প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে, সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে অবস্থিত আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা এর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ২০১৫ তারিখ কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এরিয়া সদর দপ্তর, কুমিল্লা কর্তৃক প্রদত্ত ৫ একর জমির উপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা এর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ সেনাবাহিনী প্রধান কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। সূত্র: আইএসপিআর