গাকৃবিতে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয় জাতির গৌরবময় এই দিনটি। দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ৩৬ জুলাই চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চ পাস্ট। এতে পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম, গৌরব ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত এক আবহ। সকাল ১০টায় গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার পাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকবৃন্দ। পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
