ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান ফাউন্ডেশনের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাপান ফাউন্ডেশন ইন সাউথ এশিয়া-এর মহাপরিচালক মি. সাতো কোজি গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জাপান স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার সভাপতি অধ্যাপক ড. শ্রাবণী রায় চৌধুরী এবং ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. দেবেন্দ্র সাহু তার সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, জাপান স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া-এর মহাসচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং কয়েকজন শিক্ষক বৈঠকে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর জোর দেন।
উল্লেখ্য, ‘দক্ষিণ এশিয়ায় জাপানের কোমল কূটনীতি: পরিবর্তন ও ধারাবাহিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী তরুণ গবেষক সম্মেলনে যোগ দিতে জাপান ফাউন্ডেশন ইন সাউথ এশিয়া-এর মহাপরিচালক মি. সাতো কোজি এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশ সফর করছেন। জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় জাপান স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্মেলনটি গতকাল সোমবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ, জাপান, চীন, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে মোট ৪০ জন তরুণ গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করার কথা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
