তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।এ সময়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, ভুটান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং এবং বাণিজ্যবিষয়ক কাউন্সিলর দাবা শেরিং উপস্থিত ছিলেন।