সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগ দিলেন শওকত আলী

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

দায়িত্ব নেওয়ার পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। এ সময় তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও প্রশাসন-অর্থের দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিআইজি হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেন। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি, লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।