কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ। গতকাল বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। অন্যদিকে, একইদিনে সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক দুটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
