প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিউএফটি) একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার লক্ষ্যে ২ মার্চ ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে পেটেন্ট ডাটাবেজ, প্রযুক্তিগত তথ্য ও সহায়ক সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করে গবেষণা ও উদ্ভাবন জোরদার করা হবে এবং মেধাস্বত্বের সুরক্ষা, বাণিজ্যিকীকরণ ও হস্তান্তর উৎসাহিত করা হবে। চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিক্ষণসহ বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে।
অন্যদিকে, বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করবে এবং একাডেমিক ও শিল্প খাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। সমঝোতা স্মারকে একটি পর্যবেক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি তিন বছর মেয়াদি, যা পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য। স্বাক্ষর অনুষ্ঠানে বিউএফটি’র পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আলমগীর হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্পনকশা) ড. অশোক কুমার রায় এবং উপ-পরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
