এআই ভিডিও নিয়ে সতর্কবার্তা আজহারীর
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি মাধ্যমে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর ক্লোন করে ছবি, বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ করেছেন তিনি নিজেই। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আজহারী। প্রতারক চক্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, অপরাধীরা দেশ বা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এখন সময়ের ব্যাপার মাত্র।
সম্প্রতি মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে জানানো হয়, দুই মাস আগে সতর্ক করার পর প্রতারক চক্র সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখলেও এখন নতুন উদ্যমে অপকর্ম শুরু করেছে। তারা এআই ব্যবহারের মাধ্যমে তার কণ্ঠ ও ছবি হুবহু নকল করে বিভিন্ন ভুয়া ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়াচ্ছে। এরইমধ্যে এ ধরনের সহস্রাধিক কন্টেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্টগুলো দ্রুত অপসারণের আবেদন জানানো হয়েছে। এছাড়া পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও পুরোদমে চলছে।
বিবৃতিতে বলা হয়, যারা এখনও এই গর্হিত কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের রেহাই দেওয়া হবে না। জনসাধারণের জানমাল ও বিশ্বাস নিয়ে খেলা করা এই চক্রকে আইনের মুখোমুখি করতে প্রশাসন বদ্ধপরিকর।
