বিটুবি বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলংকা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গত সোমবার ঢাকার একটি অভিজাত হোটেলে ‘বিটুবি রোডশো এবং নেটওয়ার্কিং ইভেন্ট’ সফলভাবে সম্পন্ন করেছে শ্রীলংকা পর্যটন প্রমোশন ব্যুরো। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুজহাত ইয়াসমিন।

তিনি তার বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের এই অংশীদারিত্ব টেকসই পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার মহামান্য ধর্মপাল উইরাক্কোডি জানান, শ্রীলংকার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য সবসময়ই আকর্ষণীয়। শ্রীলংকা পর্যটন প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম শ্রীলংকাকে একটি নিরাপদ ও বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্রাভেল প্যাকেজ এবং স্থানীয় অপারেটরদের সঙ্গে যৌথ প্রচারণার কাজ চলছে। শ্রীলংকান এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ জানান, উন্নত বিমান যোগাযোগ এবং প্রতিযোগিতামূলক ভাড়ার মাধ্যমে ভ্রমণ আরও সহজতর করা হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি