প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ মো. মোসলেম আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কিংবদন্তি শিক্ষক ও শিক্ষা ক্যাডারের অহংকার, প্রফেসর মোসলেম আলী নাটোর জেলার সিংড়া উপজেলার জোড়ামল্লিকা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৭ ফেব্রুয়ারি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সেকালের সুখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় থেকে ১৯৫৫ সালে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইচএসসি ও রসায়ন বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশন কর্তৃক নিযোগ প্রাপ্ত হয়ে রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রে প্রভাষক পদে যোগদান করেন। এরপর তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ১৯৬৭ সালে সিলেট এমসি কলেজে যোগদান করেন এবং ওই বছরই বদলিজনিত কারণে পুনরায় রাজশাহী কলেজে ফিরে আসেন। ১৯৭২ সালে তিনি বগুড়া আজিজুল হক কলেজে যোগদান করেন এবং তার নেতৃত্বে সেখানে রসায়নশাস্ত্রে সম্মান কোর্স চালু হয়। পরবর্তীতে নওগাঁ ডিগ্রি কলেজে ডেপুটেশনে অধ্যক্ষ, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক, রাজশাহী কলেজের রসায়ন শাস্ত্রের বিভাগীয় প্রধান, নিউ গভ. ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ, নাটোর এনএস কলেজে অধ্যক্ষ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। ১৯৯২ সালের সূচনালগ্নে তিনি তৎকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ৩০/০৪/১৯৯৪ তারিখ থেকে ০৫/০২/১৯৯৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে যোগদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
