আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবির ভিসি ড. মোস্তাফিজুর রহমান
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ পুরস্কার ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন যা ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের কৃষি গবেষণা ও টেকসই উন্নয়নের জন্য এক গর্বের অর্জন।
গত শনিবার রাজধানী বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা, সাহিত্যসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হুজ হু বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম এবং সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের নানা অঙ্গনের বিশিষ্টজন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
