চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের জ্বালানি খালাস

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী দুটি জাহাজ ভিড়েছে। বন্দরের ডলফিন জেটিতে একযোগে দুই জাহাজ থেকে জ্বালানি তেল খালাস কার্যক্রম চলছে। এছাড়া ডিজেল নিয়ে আসা আরও দুইটি এবং অকটেন নিয়ে আসা একটি জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করেছে।

সোমবার ডলফিন জেটিতে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি ওকট্রি’ এবং প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি কেপ বনি’ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে। এসব বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা।

এছাড়া প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেনবাহী জাহাজ ‘এমটি নেভি সিয়েলো’ বাংলাদেশের জলসীমায় (বহির্নোঙরে) ঢুকেছে। তিনি জানান, জ্বালানি সংকটের মধ্যে গত ১৯ দিনে দেশীয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত ১৫ হাজার ১৭০ টন অকটেন নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন সরবরাহ করেছে সুপার পেট্রো পিএলসি।

প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রোল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেলও দিয়েছে বিপিসিকে। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড অকটেন দিয়েছে ৩ হাজার ২৬৪ টন, পেট্রোল ১ হাজার ২৫৪ টন এবং ডিজেল ১ হাজার ৮৯৬ টন। অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রোল এবং ৫১৮ মেট্রিকটন ডিজেল সরবরাহ করেছে বিপিসিকে। বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, জলসীমায় থাকা তিনটি জাহাজ পর্যায়ক্রমে জেটিতে ভিড়বে এবং সেগুলো থেকেও জ্বালানি খালাস করা হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছে বিপিসি।

এর আগেও ১৭ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছিল। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন ছিল। এর মধ্যে, বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে লাইটারিং শুরু হয়। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে বলেন, ১৭ এপ্রিল ৪টি জাহাজ চট্টগ্রামে আসে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি পার্সেল এসেছে। সব মিলিয়ে তেলের কোনো সংকট থাকছে না।

বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান। বৈশ্বিক ভ্যাসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য বলছে, ‘এমটি অকট্রি’, ‘এমটি কেপ বনি’ গত ১২ এপ্রিল, ‘এমটি নেভি সিয়েলো’ ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং ‘এমটি লিয়ান সং হো’ ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে চট্টগ্রামে আসে।