ঢাকাসহ ১০ জেলায় আরও বাড়তে পারে তাপপ্রবাহ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, তাপমাত্রা এবং এর তাপপ্রবাহের এলাকা আজ থেকে আরও বাড়তে পারে। আর এ পরস্থিতি থাকতে পারে আরও অন্তত দুই দিন। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী গতকাল রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, দেশের অন্তত ১০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আগামী অন্তত দুই থেকে তিন দিন থাকতে পারে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে এবং তাপপ্রবাহের এলাকাও বাড়তে পারে। গতকাল রাজধানীসহ দেশের সব এলাকার তাপমাত্রা গত রোববারের চেয়ে বেড়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
