বরিশালে ‘ফুট ব্রিজ’ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ
তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো

মহাসড়কে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা, গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অবরোধ চলাকালীন সময় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ডে বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে ফুটওভার ব্রিজ অথবা স্পিড ব্রেকার নির্মাণের জন্য দাবি করা হলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে আসছে। তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।
