টিসিবির জন্য তেল-ডাল কিনবে সরকার, ব্যয় ১৯৭ কোটি টাকা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন এবং ২ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রায় ১৯৭ কোটি (১৯৬ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৯৩২ টাকা) ব্যয় হবে। গতাকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই তেল ও ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আমেরিকার পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এই তেল কিনতে ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯৩২ টাকা।
একই বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এক লটে ২ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। ঢাকার গুলশানের প্রতিষ্ঠান ইজ সার্ভিসেস লিমিটেড থেকে এ ডাল কেনা হবে। এদিকে বৈঠকের নির্ধারিত অ্যাজেন্ডায় বাপেক্স কর্তৃক বাস্তবায়নাধীন ‘৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন’ শীর্ষক প্রকল্পের আওতায় টার্ন-কি ভিত্তিতে দুটি কূপের (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খনন কার্যক্রম বাস্তবায়নের ক্রয় প্রস্তাব থাকলেও, তা বৈঠকে উপস্থাপন করা হয়নি।
একইভাবে, ‘সিলেট-১২ নম্বর কূপ খনন (তেল কূপ)’ শীর্ষক প্রকল্পের আওতায় টার্নকি ভিত্তিতে আনুষঙ্গিক কার্যাদিসহ কূপ খনন কাজ সম্পাদনের প্রস্তাবও আলোচনায় উপস্থাপন করা হয়নি। পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনা সংক্রান্ত প্রস্তাবও বৈঠকের আলোচনায় উপস্থাপন করা হয়নি।
এছাড়া ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মডার্নাইজেশন’ শীর্ষক প্রকল্পের দুটি প্যাকেজের ক্রয় প্রস্তাব, ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের ক্রয় প্রস্তাব, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকো) কর্তৃক স্থাপিত সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইউনিট-২) বিদ্যুৎকেন্দ্র হতে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কর্তৃক স্থাপিত ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র হতে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ নির্ধারণসংক্রান্ত প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়নি।
