টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাকৃবি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ধারাবাহিকভাবে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলোতে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) সমগ্র এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থান অর্জন করে আবারও দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে কৃষিতে দেশসেরা হওয়ার গৌরব পুনঃনিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় (১৯টি সরাসরি ও ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়) তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পরিসরেও তার দৃঢ় অবস্থান তুলে ধরেছে। গবেষণায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে স্বীকৃত গাকৃবি এবারও গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) অসাধারণ সাফল্য দেখিয়ে ৬৭ স্কোর অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণার গভীরতা ও প্রভাবের স্পষ্ট প্রতিফলন। এ বছরের র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়েছে। র্যাঙ্কিংয়ে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে যেখানে গাকৃবির গৌরবময় অবস্থানও এশিয়ার প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। ধারাবাহিক এই সাফল্যের পথচলায় গাকৃবি আগেও মর্যাদাপূর্ণ অবস্থান দেখিয়েছে। ২০২৫ সালের টিএইচই এশিয়া র্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এছাড়া, কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নেও নেতৃত্বের স্বাক্ষর রেখেছে। একই ধারাবাহিকতায়, টিএইচই র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, উরি ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
