চার বছরে তিন লাখ গাছ লাগাবে ঢাকা দক্ষিণ সিটি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজ উদ্যোগে আগামী চার বছরে ৩ লাখ গাছ লাগাবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল শুক্রবার রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে ধানমন্ডি লেকে আয়োজিত গার্ডেন অব মেমোরি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রশাসক আবদুস সালাম বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে বলেন, বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের নানান অঙ্গীকারের রয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চলতি বছর থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। গার্ডেন অব মেমোরির কথা তুলে ধরে প্রশাসক বলেন, শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন, ঢাকার রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি