কলাবাগান এসটিএসের নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ গতকাল শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন। কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন, ‘ব্যবস্থাপনার অদক্ষতার কারণে অতীতে এখানে সৃষ্ট দুর্গন্ধ ও যানজটে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হতো। গতকাল থেকে সেই সমস্যাগুলো পেছনে ফেলে এটি একটি নান্দনিক স্থাপনায় পরিণত হলো।’ তিনি আরও জানান, জনগণের সহযোগিতা পেলে এই মডেল অনুসরণ করে ডিএসসিসির প্রতিটি এসটিএস-কে পর্যায়ক্রমে নান্দনিক রূপে সাজানো হবে। ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান: এসটিএস উদ্বোধনের পরপরই ধানমন্ডি লেক ও সংলগ্ন এলাকায় এক বিশাল পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের মোট ৬০০ জন কর্মী এই অভিযানে অংশ নেন। অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। সংবাদ বিজ্ঞপ্তি