ঢাবি শিক্ষার্থীর মৃত্যুতে জড়িতদের শাস্তি চেয়ে মানববন্ধন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও অনুষদে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল থাকার কথা থাকলেও বাস্তবে এসব সেলের কার্যকারিতা নেই। প্রাথমিক অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হলেও কার্যকর কোনো ফলোআপ হয় না। তিনি আরও বলেন, ‘এ ধরনের সেলে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকা জরুরি, যাতে অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ থাকে। মিমো যে সিস্টেমের দিকে আঙুল তুলে গেছে, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সুইসাইড নোটে ইঙ্গিত দেওয়া ব্যক্তিরও শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।’ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। বিভাগ থেকে যতটুকু সম্ভব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ভিসি ও প্রো-ভিসিকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ শিক্ষার্থী আনিয়া আক্তার বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক কর্তৃক মানসিক ও ব্যক্তিগত নিপীড়নের পরিবেশের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।