বাস দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বিআরটিএর নানা নির্দেশনা

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সড়কে বাস চলাচল, ফেরিঘাট ও লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। দুর্ঘটনার সময় বাস যাত্রীদের দ্রুত বের হয়ে আসার বিষয়টি নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার এসব নির্দেশনা দিয়ে সংস্থাটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। গেল মার্চে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে বাস দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি এবং দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মায় পড়ে ২৬ জন নিহত হয়। তার এক মাস পর বিআরটিএর তরফে এসব নির্দেশনা এল। এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনের জন্য এই নির্দেশনা দিয়ে বিআরটিএ বলেছে, ‘বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে।’ এ প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ঊসবৎমবহপু ঊীরঃ)’ চিহ্নিত করার পাশাপাশি জানালার কাচ ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।