প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’, ঘোষণা প্রশাসকের
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এই ঘোষণা অনুযায়ী, আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হবে। গতকাল নগর ভবনের সম্মেলন কক্ষে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও বেগবান করতে ডিএসসিসির নেতৃত্বে সব সরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাধারণ নাগরিকরা একযোগে এই কর্মসূচি পালন করবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলো স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে। এছাড়া, ডিএসসিসির মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
