ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালা
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং যানজট নিরসনে সরকারের অন্যতম অগ্রাধিকারভুক্ত প্রস্তাবিত প্রকল্প ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প’ নির্মাণের লক্ষ্যে আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। কর্মশালায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। কর্মশালায় শুরুতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মো. ফেরদাউস স্বাগত বক্তব্যে প্রকল্পের কারিগরি দিকগুলো তুলে ধরেন। যানজট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রস্তাবিত ৩৮.৯৮ কিলোমিটার দীর্ঘ (N5 থেকে N1 পর্যন্ত) এই এক্সপ্রেসওয়েটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর হতে শুরু হয়ে আটিবাজার, আবদুল্লাহপুর, জলপরীবাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ পর্যন্ত বিস্তৃত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
