ঢাবি উপাচার্যের সঙ্গে সুইডেন দূতাবাস প্রতিনিধির সাক্ষাৎ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) নায়োকা মারটিনেজ বেকস্ট্রম গতকাল বুধবার উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামণ্ডএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ এ বিষয়ে চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও জার্মানির সহায়তায় এরইমধ্যে একাধিক পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। এ উপলক্ষে একটি কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও সিভিল সোসাইটি প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সম্পৃক্ততা থাকবে বলে আশা প্রকাশ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি