অর্থনীতির বিকাশ ও সমুদ্র বন্দরগুলোর সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা ও সমুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই অংশ হিসেবে দেশের সমুদ্র বন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র ও নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কোস্ট গার্ড দেশের বাণিজ্যিক কার্যক্রমকে সুরক্ষিত রেখে চলেছে। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখাসহ একটি নিরাপদ ও সহায়ক বাণিজ্যিক পরিবেশ গড়ে ওঠার ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগে আকর্ষণ এবং সুনীল অর্থনীতির বিকাশে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসেবে সমুদ্র বন্দরগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয় এবং আমাদের দেশের অর্থনীতিতে সমুদ্র বন্দরগুলোর গুরুত্ব অপরিসীম। এই বন্দরগুলোর ওপর নির্ভর করে দেশের সব শিল্পখাত, জ্বালানি সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারব্যবস্থা। একটি নিরাপদ, সচল ও দক্ষ বন্দর ব্যবস্থাপনা দেশের রাজস্ব আয় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সব সমুদ্র বন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলেছে।
