বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ পালন নিশ্চিতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে হজের সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনেরও অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, কেবল বৈধ হজ ভিসার মাধ্যমেই হজ পালন করা যাবে। সৌদিতে পৌঁছানোর পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া পর্যন্ত সব কার্যক্রম অনুমোদিত ও দাপ্তরিক প্রক্রিয়ার আওতায় সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে তারা। ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমোদিত পদ্ধতিতে হজের অনুমতিপত্র গ্রহণ করলে হজযাত্রীরা পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সেবা সহজে পাবেন। পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ভীড় নিয়ন্ত্রণ, চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
