আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আজ রোববার পালিত হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম মৃত্যুবার্ষিকী। ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে জন্মগ্রহণকারী অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণকারী গর্বিত সন্তান এবং মরহুম বীরপ্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই। বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারনা প্রবর্তনের মাধ্যমে অধ্যাপক মিয়ান এক নতুন দিগন্তের সূচনা করেন। তার উদ্যোগেই ১৯৯১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি। অধ্যাপক মিয়ানের শিক্ষা ও পেশাগত জীবনের পরিসর ছিল অত্যন্ত সমৃদ্ধ ও বর্ণাঢ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন ১৯৬২ সালে এবং এমকম ডিগ্রি অর্জন করেন ১৯৬৩ সালে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি (১৯৬৮) এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার স্কুল অব বিজনেস থেকে পিএইচডি ডিগ্রি (১৯৭৬) অর্জন করেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এ শিক্ষকতা করেন এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (সিপিএমআর)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
