মিটারে চুম্বক বসিয়ে অভিনব কায়দায় গ্যাস চুরি, কারখানার সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মিটারের ইনডেক্সে চুম্বক বসিয়ে অভিনব কায়দায় গ্যাস চুরির অভিযোগ উঠেছে একটি স্টিল কারখানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। গত শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর অধীন ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহক আলিজান স্টিল ইন্ডাস্ট্রি-২ এ বিশেষ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার প্লট নম্বর-২১, রোড নম্বর-১০ এ অবস্থিত। অভিযান পরিচালনাকারী ভিজিল্যান্স টিম কারখানার ভেতরে প্রবেশ করে জেনারেটর ও কন্ট্রোল রুম অতিক্রম করে আরএমএস রুমের সামনে যায়। সে সময় তিনটি জেনারেটর চালু অবস্থায় দেখা যায়। তবে আরএমএস রুমটি তালাবদ্ধ ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএমএস রুমের গ্রিলের বাইরে থেকে দেখা যায়, গ্যাস মিটারের ইনডেক্সের ওপর কালো টেপে মোড়ানো চুম্বক সদৃশ একটি বস্তু বসানো রয়েছে। এর মাধ্যমে মিটারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে কম রিডিং দেখিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, আরএমএস রুমের চাবি চাইলে উপস্থিত দারোয়ান ও গ্রাহক প্রতিনিধিরা তা দিতে অস্বীকৃতি জানান এবং সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের জড়ো করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। পরে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ধাক্কাধাক্কি করে কারখানার বাইরে বের করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও কদমতলী থানায় যোগাযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে কর্তৃপক্ষ কারখানার বাইরের ভাল্বপিট থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
