ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ডিশ ও ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুরেও নাছির তার অফিসে ছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত ঘটনাস্থল থেকে মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। এ সময় পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও এর কভার উদ্ধার করা হয়েছে।