পিছিয়েপড়া শিক্ষার্থীদের জন্য রেমেডিয়াল শিক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় পিছিয়েপড়া শিক্ষার্থীদের জন্য ‘রেমিডিয়াল শিক্ষা : চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাটি সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার। আমরা জানি এবং মানি আমাদের শিখন ঘাটতি রয়েছে। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুযায়ী, প্রাথমিকের অর্ধেক শিক্ষার্থীই মৌলিক দক্ষতায় পিছিয়ে। আমি অন্তত ২৫টি স্কুলে ঘুরে দেখেছি দক্ষতা অর্জনে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। শিখন ঘাটতি পূরণে আপনারা সবাই যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ৪ থেকে ১০ বছর বয়সি শিশুদের মৌলিক শেখার ভিত্তি দৃঢ় করা। বাস্তবতা হলো অনেক শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে পড়লেও সেই শ্রেণির উপযোগী দক্ষতা অর্জন করতে পারেনি। পিছিয়েপড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে সরকার বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকের শিক্ষার্থী কমে যাচ্ছে এটা সত্য, আমরা তাদের ফিরিয়ে আনার জন্য সরকারি প্রাথমিককে এমনভাবে তৈরি করব যাতে তারা আবার ফিরে আসে।
