জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি, স্থানীয় নির্বাচনে ছাড়ের সুযোগ নেই

বললেন সারজিস

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছি। কিন্তু স্থানীয় নির্বাচনে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। গতকাল শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে ‘১১ দলীয় ঐক্য’। সারজিস আলম বলেন, আমরা ভেবেছিলাম, যারা বিগত ১৬-১৭ বছর ধরে স্বৈরাচার সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, তাদের অন্তত একটা শিক্ষা হবে। কিন্তু আমরা দেখলাম, একটা অভ্যুত্থানের পরে হাজারের অধিক মানুষের জীবন দেওয়ার পরে যারা নতুন করে এই বাংলাদেশে ক্ষমতায় আসলো, তিন মাস যেতে না যেতেই তারা প্রমাণ করে দিল যে, যত নির্যাতন হোক, যত জুলুম হোক, ক্ষমতার চেয়ে তাদের কাছে কোনোদিন দেশ বড় হতে পারে না। প্রত্যেকটা ধাপে ধাপে তারা আমাদের সাথে প্রতারণা শুরু করেছে। তারা এদেশে ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছে। কিন্তু তারা ভুলে গিয়েছে ৭০ শতাংশ মানুষ দেশের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।

তিনি বলেন, তারেক রহমান একটা বিষয় ভুলে গিয়েছেন। একটা ধ্রুব সত্য মনে করিয়ে দেই এই বাংলাদেশে বিএনপি যে এবার ক্ষমতায় গিয়েছে, মানুষ তারেক রহমানের মুখ দেখে এবার ভোট দেয় নাই।

মানুষ ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমানের ধানের শীষ দেখে। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেখে। তারেক রহমান যদি এই ভুল পুনরায় করেন, যদি জনগণের সাথে প্রতারণা করেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করেন, এই বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।