গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ

বললেন এটিএম আজহার

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত হওয়ার কারণে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। দেশে নতুন করে ফ্যাসিবাদ ঠেকাতে ও আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে। গতকাল শনিবার সকালে সিলেটের রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা এসব কথা বলেন।

সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেট মহানগরীর আওতাধীন সকল রুকন সদস্যরা অংশ নেন। সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম বলেন, সীমাহীন জুলুমণ্ডনির্যাতন, খুন-গুম ও শাহাদাতের বিনিময়ে জনগণের আস্থা অর্জনের মধ্যে দিয়ে জামায়াত আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। আমি নিজেও ফাঁসির কাষ্ঠ থেকে আজকে জনপ্রতিধি নির্বাচিত হয়ে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। এটাই আল্লাহর বিচার। দ্বীনের জন্য সবসময় জান ও মালের সঙ্গে জীবন উৎসর্গ করাই ইসলামী আন্দোলনের শিক্ষা।

জামায়াতের নায়েবে আমীর বলেন, বিগত সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট দিয়েছে। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেয়া হয়েছে। জনগণ বর্তমান সংসদের বিরোধী দল ও আদর্শিক দল হিসেবে জামায়াতের নেতৃত্বের অপেক্ষার প্রহর গুণছে। এ বিষয়টি মাথায় রেখে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষে কথা বলতে হবে। এক্ষেত্রে কোন আপস চলবে না। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মধ্যপ্রাচ্য জামায়াতের দায়িত্বশীল মাওলানা আব্দুস সোবহান আজাদ। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেটে মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।