উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা ইউজিসির
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিমসটেক ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে উচ্চশিক্ষায় অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। ইউজিসি সদস্য ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান, মালেশিয়ার হায়ার অ্যাডুকেশন লিডারশিপ একাডেমির পরিচালক ড. হারশিতা আইনি হারুন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন, ইএমজিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা নভি তাজউদ্দীন বক্তব্য দেন।
প্রফেসর আনোয়ার হোসেন বলেন, গবেষণায় যৌথ সহযোগিতা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি সহায়তা, উচ্চশিক্ষাসংক্রান্ত তথ্য বিনিময় এবং শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে দুদেশ একসঙ্গে কাজ করতে পারে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলা, গবেষণা নীতিমালা তৈরি করা, শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে তিনি মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন।
