সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক তরুণীকে আটক করা হয়েছে। আটক যাত্রী তামান্না মাইমুনার (২১) বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালে নজরদারি বাড়িয়েছিল গোয়েন্দা সংস্থা। পরে ওই তরুণী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে আসলে তাকে শনাক্ত করা হয়। ওই তরুণীকে আটক করে তল্লাশি চালালে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
জানা যায়, আটক মায়মুনা সকাল ৮টায় দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। স্বর্ণসহ যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
