ব্র্যাক ব্যাংক-বিবিডিএন-টিবিএস গোলটেবিলে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘ডেটা ম্যাটার্স: নাম্বার্স অ্যান্ড এভিডেন্স আর কি টু আ ডিজঅ্যাবিলিটি-ইনক্লুসিভ সোসাইটি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। এমন একটি সময়ে এই আলোচনার আয়োজন করা হলো, যখন বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নীতি নির্ধারণের জন্য সঠিক তথ্য খুঁজছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিতা নিশ্চিত করার জন্য তথ্য ও প্রমাণভিত্তিক উদ্যোগ কতটা জরুরি- গোলটেবিলে এই বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় গত ২০ মে ২০২৬ তারিখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই প্রাণবন্ত আলোচনার আয়োজন করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি