পশুর হাট ও টার্মিনাল ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশুর হাটগুলোর নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
এছাড়া ঈদ করতে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার দুপুরে গাবতলী টার্মিনাল এবং গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দুই সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাট নিয়ে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশ, সাব কন্ট্রোলরুমসহ ওয়াচ-টাওয়ার বসানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণে মেশিন থাকবে।’ ‘হাটে ছিনতাই, জালনোট, অজ্ঞান পার্টি মলম, পার্টি তৎপরতা রোধে সাদা পোশাকের পুলিশও ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে।’ এছাড়া হাটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা থাকছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। মোসলেহ উদ্দিন আহমেদ আরও বলেছেন, পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক মোতায়েনের পাশাপাশি ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে হাট পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
‘ঢাকার প্রবেশপথ গুলোতে বিশেষ চেক পোস্ট বসানোর পাশাপাশি পশুবাহী গাড়িগুলোর দিকে নজর রাখা হচ্ছে যেন কোন পশুবাহী গাড়ি নির্দিষ্ট হাট ছাড়া অন্য হাটে নিতে না পারে।’ ঈদযাত্রা নিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘ঈদের আগের দিনগুলোতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ার কারণে এলাকার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। বাস টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চঘাট গুলোতে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। ‘টার্মিনাল এবং হাটগুলোতে যে কোনো ধরনের অপরাধ রোধে মোবাইল কোর্ট চলমান রয়েছে। অতিরিক্ত যাত্রী বহন, বেশিদামে টিকেট বিক্রির অভিযোগগুলো দেখা হচ্ছে।’
গাবতলী পশুর হাটের ইজারাদার এবং বাস ট্রাক ওনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, ‘কোরবানি ঈদকে কেন্দ্র করে গাবতলী পশুর হাটে বেশ চাপ রয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক যথেষ্ট রয়েছে। এরপরেও নানা ধরনের অপরাধরোধে পুলিশকে সহায়তা করা হচ্ছে।’ ঈদযাত্রার বাসগুলো গাবতলী টার্মিনাল থেকে যেন সুশৃঙ্খলভাবে গন্তব্যে যেতে পারে এ জন্য স্বেচ্ছাসেবকসহ শ্রমিকদের সঙ্গে সমম্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
