বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক সমন্বয় বা তদারক সেল। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরবাসীর সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, প্রকৌশল ও সম্পত্তি বিভাগসহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
গত বছরের অভিজ্ঞতার আলোকে এবারও কোরবানির প্রতিটি ধাপকে সমন্বিতভাবে পরিচালনা করতে একাধিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত বছর ঈদুল আজহায় মোট ২০ হাজার ৮৮৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। ওই বছর ঈদের দিন অপসারিত বর্জ্যের পরিমাণ ছিল ১০ হাজার ৬১৬ টন, পরদিন ৭ হাজার ৩৫৩ টন এবং তৃতীয় দিনে ২ হাজার ৯২২ টন। এ বছরও প্রায় একই পরিমাণ বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ জনবল প্রস্তুত রাখা হয়েছে।
সংস্থার উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূঁইয়া বাসসকে জানান, ডিএনসিসি এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণ কাজে সংস্থার নিজস্ব সাড়ে ৬ হাজার বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী থাকবে। পাশাপাশি বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নিয়োজিত সাড়ে ৪ হাজার কর্মী সরাসরি মাঠে কাজ করবেন।
এ ছাড়া রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ১০০ জন করে মোট সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও মনিটরিং করবেন। সব মিলিয়ে ঈদের দিন থেকে বর্জ্য অপসারণ দ্রুত সম্পন্ন করতে প্রায় ১৬ হাজার জনবল নিয়োজিত থাকবে। ঈদের দিন দুপুরে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করবেন বলেও উল্লেখ করেন।
