কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফের শাহপরী থেকে ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং নয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে গত রোববার রাত ১১টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
