এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে নম্বর প্লেট বিকৃত বা আড়াল করার মতো অসদুপায় অবলম্বন না করে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন বাস্তবায়নে সহায়তা করলেও নম্বর প্লেট বিকৃত বা আড়াল করা হলে তা শনাক্তকরণে জটিলতা তৈরি হয়। শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত কিংবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, সেসব যানবাহনের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। আনিছুর রহমান জানান, আগে শুধু নম্বর প্লেটসংক্রান্ত অপরাধে মামলা দায়ের করা হলেও এখন থেকে চালক ও মালিক—উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানাও করা হবে। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি। তদন্তে জানা যায়, গত ১৯ মে দুপুর আড়াইটার দিকে তেজগাঁও থানার কাওরান বাজার ক্রসিং এলাকায় মো. লাবলু হক (৩৮) নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা সাদা স্কচটেপ দিয়ে ঢেকে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় সিটি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, এআইকে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস ব্রিফিংয়ে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
